দর্শকখরায় জয় চৌধুরীর ‘স্নেহের বন্ধন’, ৩৭ টিকিটের ৩৫টিই কিনলেন প্রযোজক-পরিচালকেরা

দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চলছে ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’। তবে মুক্তির পর থেকেই দর্শকসংকটে ভুগছে সিনেমা দুটি। এর মধ্যে ‘স্নেহের বন্ধন’ সিনেমার একটি প্রদর্শনীতে বিক্রি হওয়া ৩৭টি টিকিটের ৩৫টিই কিনেছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাকি সাধারণ দর্শক ছিলেন মাত্র দুজন।
লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, একই দিনে ‘কাটপিস’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে মাত্র আটটি।
মির্জা আবদুল খালেক জানান, মুক্তির প্রথম দিন সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে কোনো দর্শক ছিলেন না। শনিবার সন্ধ্যার আগপর্যন্ত দুটি প্রদর্শনীতেও একটি টিকিট বিক্রি হয়নি।
সিনেমা দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। ‘স্নেহের বন্ধন’ মুক্তির আগে ছাদখোলা বাসে করে ঢাকায় প্রচারণা চালান সিনেমাটির নায়ক জয় চৌধুরী, নায়িকা মৌ খান ও প্রযোজক শাহ আলম। সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজ থেকেও সিনেমাটি নিয়ে প্রচারণা চালানো হয়।
প্রচারণায় সিনেমাটি দেখে দর্শকের আবেগাপ্লুত হওয়ার মতো নানা দাবি করা হলেও প্রেক্ষাগৃহে টিকিট বিক্রির চিত্র ছিল ভিন্ন। এ বিষয়ে মির্জা আবদুল খালেক বলেন, সিনেমা চালানোর আগে পোস্টার ছাপানোসহ প্রচারণার বিভিন্ন কাজে অর্থ ব্যয় করতে হয়। কিন্তু দর্শক না এলে সেই খরচের সুফল পাওয়া যায় না।
তিনি বলেন, এই ধরনের সিনেমা চালানোর অনুরোধ যখন আমাদের করা হয়, তখন একটা কথাই বলি—সিনেমা চালানোর আগে পোস্টার ছাপানোসহ প্রচারণার নানা কাজে তো টাকাপয়সা খরচ হয়। এই ধরনের সিনেমা বানিয়ে একধরনের অর্থনৈতিক ক্ষতি হয়, আবার মুক্তির আগেও খরচ।
প্রেক্ষাগৃহমালিক আরও বলেন, অনুরোধ না করলে আমারও ছবিটি চালাতে হয় না। এতে বিদ্যুৎ, এসির খরচসহ আরও নানা খরচ থেকে বেঁচে যাই। কিন্তু কে শোনে কার কথা! তারা যদি ছবি না চালাত, আমারও লোকসান একটু কম হতো।
দর্শক টানতে ভালো সিনেমা নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন মির্জা আবদুল খালেক। তার মতে, ভালো সিনেমা নির্মাণের পর যথাযথ প্রচারণা চালালে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন। পাশাপাশি সিনেমা দেখার পর দর্শকের মুখে মুখে প্রচারও গুরুত্বপূর্ণ।
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটির প্রযোজক শাহ আলম। লায়ন সিনেমাস ছাড়াও দেশের আরও ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সেসব প্রেক্ষাগৃহেও দর্শকের উপস্থিতি খুব একটা সন্তোষজনক নয় বলে জানা গেছে। একইভাবে দর্শকসংকটে রয়েছে ‘কাটপিস’ সিনেমাটিও।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













