নভেম্বরের প্রথম সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন যারা

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছুটির সুযোগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় ছুটির চিত্র ভিন্ন
বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য কি না, তা নিশ্চিত নয়।
কেন পালিত হয় শ্যামাপূজা?
কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজা করা হয়।
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওডিশা ও বিহারসহ বিভিন্ন অঞ্চলে এ উৎসব পালিত হয়। শ্যামাপূজার দিন দীপাবলি উৎসবও উদ্যাপন করা হয়। বাঙালি, অসমিয়া ও ওডিয়া সম্প্রদায়ের মধ্যে কালীপূজা বিশেষ গুরুত্ব বহন করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













