চার দেশের প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি

পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ নামে একটি বহুপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং সামরিক প্রযুক্তি বিনিময়ে সহযোগিতা করবে দেশ চারটি।
বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
চুক্তির আওতায় প্রতিরক্ষাশিল্পের উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনেও সহযোগিতা করা হবে। পাশাপাশি যৌথ প্রকল্প গ্রহণ এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে চার দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান এবং ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খাজা আসিফ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চার দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং নিজ নিজ সামরিক সক্ষমতা জোরদার করাই এ সমঝোতার মূল উদ্দেশ্য।
তবে চুক্তির আওতায় কী ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে, কত অর্থ বিনিয়োগ করা হবে কিংবা দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তা থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ছাড়া চুক্তির বাস্তবায়ন পদ্ধতি ও সম্ভাব্য যৌথ প্রকল্প সম্পর্কেও স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













