১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবরে যে ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১
অ- অ+

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের হিসাবে, এ সময়ে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর বলেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা—কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে—এ–সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। ফলে শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হয়নি এবং এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে।

পুলিশ সদর দপ্তর স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই করে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ ৬৮ জন।

অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ। সব মিলিয়ে ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান পাওয়া যায়নি। অর্থাৎ মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ এখনো নিখোঁজ।

নিখোঁজ হওয়ার কারণ

পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারিয়ে ফেলে। পরিবারের সদস্যদের নাম ও ঠিকানা বলতে না পারা এবং একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার কারণেও তারা নিখোঁজ হয়।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জায় পালিয়ে থাকা, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবের মতো কারণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন জিডিতে বাড়ছে সংখ্যা

পুলিশ সদর দপ্তর বলেছে, পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে বর্তমানে অনলাইন জিডির সুবিধা চালু রয়েছে। এর ফলে নিখোঁজ–সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ–সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪। আর ২০২৫ সালে নিখোঁজ–সংক্রান্ত জিডি হয়েছে ২২ হাজার ৫৫০টি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষকে বিবেচনায় রাখার আহ্বান সাইফুল হকের
নিহত আনসার-ভিডিপি কর্মকর্তার পরিবারের পাশে মহাপরিচালক
জন্মাষ্টমীতে ছুটি, জেনে নিন কারা পাবেন আর কারা পাবেন না
রাশিয়ায় নতুন করে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: পুতিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা