নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষকে বিবেচনায় রাখার আহ্বান সাইফুল হকের

ঢাকাসহ দেশের সিটি করপোরেশনগুলোর নগর পরিকল্পনায় শ্রমজীবী মানুষকে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে কোনো ‘হটকারি’ সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকার ও সিটি করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা শ্রমিক সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন। বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি এ সভার আয়োজন করে।
সাইফুল হক বলেন, বড় শহরগুলো শুধু উচ্চবিত্ত ও মধ্যবিত্তের জন্য নয়, শ্রমজীবী ও দরিদ্র মানুষেরও। ঢাকাসহ দেশের সিটি করপোরেশন এলাকায় ৪০ শতাংশের বেশি শ্রমজীবী মানুষ বাস করেন বলে দাবি করেন তিনি। তাঁদের বাদ দিয়ে নগর পরিচালনা বা পরিকল্পনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা প্রয়োজন।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত না হলে তাঁদের কাছে গণতন্ত্র অর্থবহ হবে না। রিকশাশ্রমিকদের মানবাধিকার নিয়েও যথেষ্ট আলোচনা হয় না। চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও রিকশাশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং এবং রিকশাশ্রমিকদের ওপর চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান সাইফুল হক।
মতবিনিময় সভায় বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদার, সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, হারুনর রশীদ, মোহাম্মদ আলম ও চুন্নু সিকদার বক্তব্য দেন। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা রিকশাশ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজন হলে রিকশার জন্য আলাদা লেন তৈরি, অটোরিকশাশ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
রিকশাশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে তাঁদের মানবিক জীবন ও জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































