বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে উভয় প্রধান বেঞ্চমার্কের দামই নিম্নমুখী ছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লেও সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা এবং নতুন করে বড় ধরনের হামলার খবর না আসায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। ফলে তেলের দামে সামান্য পতন দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দর ৪৩ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৪ সেন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম আবারও দ্রুত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রভাব তেলের বাজারে স্পষ্ট হয়েছে। একদিকে সরবরাহ বিঘ্নের আশঙ্কা দাম বাড়াচ্ছে, অন্যদিকে সংঘাত কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা দাম কমার চাপ তৈরি করছে। ফলে বিনিয়োগকারীরা এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরবর্তী গতিপথের দিকে সতর্ক নজর রাখছেন।
(ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































