শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১
অ- অ+

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গেরুয়া বসনধারী একদল বিক্ষোভকারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তারা পত্রিকাটির কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ভবনের প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন।

বিক্ষোভকারীরা গেরুয়া উত্তরীয় ভবনের মূল ফটকের ওপর ঝুলিয়ে দিয়ে অবস্থান নেন। এ সময় তারা ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দেন। পুলিশের উপস্থিতিতেই কিছুক্ষণ অবস্থানের পর তারা সেখান থেকে চলে যান।

জানা গেছে, গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই শিরোনাম নিয়ে তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী দাবি করেন, আনন্দবাজার পত্রিকাকে ওই শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় গেরুয়া বসন পরে এর প্রতিবাদ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এরপর ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে কয়েকজন বিক্ষোভকারী আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের বক্তব্য, পত্রিকাটি সরকারের কিংবা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে; তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। পুলিশকে সহযোগিতা করে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

তারা আরও বলেন, বিষয়টি সংশোধন করা না হলে ভবিষ্যতে আরও বড় প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ শেষে ভবনের মূল ফটকের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে স্লোগান দিতে দিতে চলে যান বিক্ষোভকারীরা।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলের পক্ষ থেকে এ ধরনের কোনো বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়নি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় এবিভিপির ভূমিকা নিয়েও বিজেপি নেতৃত্ব একইভাবে দলের দায় অস্বীকার করেছিল।

এদিকে ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গেরুয়া রং লাগানো দেয়ালটি আবার সাদা রঙে ফিরিয়ে আনা হয়েছে। ছবির ক্যাপশনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে লেখেন—‘উচ্চ যেথা শির’।

(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ-হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা