দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমে হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ভ্যাটসহ এই দাম আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
আজ বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিন দফায় কমল ১৫ হাজার ৮৬৩ টাকা
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। এরপর ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সর্বশেষ বুধবার আবারও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হলো।
অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমেছে।
অন্যদিকে, এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
কমেছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































