২৯ দিনে দেশে রেমিট্যান্স এল ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। এ বছর একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স বেড়েছে ৪৮ কোটি ৭০ লাখ ডলার।
অর্থবছরের শুরুতেও রেমিট্যান্সে প্রবৃদ্ধি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৮ দশমিক ৬ শতাংশ।
বৈধ পথে অর্থ পাঠানো বাড়ছে
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে।
এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দেশে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যাংকাররা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































