আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আবেদন গ্রহণ, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের পর কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়সূচি
২ থেকে ১০ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করা যাবে।
১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত: পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা আবেদন করতে পারবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।
১৭ সেপ্টেম্বর রাত ৮টা: একাদশে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
২০ থেকে ২২ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
২৩ সেপ্টেম্বর: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ভর্তি নিশ্চায়নের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































