ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। খবর আল জাজিরা’র।
এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়লে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ আশঙ্কাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
এদিকে ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর কঠোর হামলা চালানো হবে এবং ইরানের হামলার জবাব দেওয়া হবে।
এর আগে রোববার (৩০ আগস্ট) রাতে ইরানের লারাক দ্বীপে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যসহ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ওই হামলার পর জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত যদি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোতে ছড়িয়ে পড়ে, তাহলে সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।
(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































