মেসির সতীর্থ এবার ইন্টার মায়ামির কোচ

একসময় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে মাঠ ভাগ করেছেন। এবার সেই মেসির দলেরই কোচ হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস। টানা ব্যর্থতার পর ইন্টার মায়ামির কোচিংয়ে পরিবর্তন এনে তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি, চারটি হারের বিপরীতে একটি ড্র। লিগস কাপ ও এমএলএসের নিয়মিত মৌসুমেও হতাশাজনক ফল পেয়েছে দলটি। অবশ্য ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখনো ভালো অবস্থানে আছে মেসির দল। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
তবে এখনই ডাগআউটে দেখা যাবে না নতুন কোচ গঞ্জালেসকে। প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন তিনি। তত দিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন গিয়ের্মো হোয়োস।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, গঞ্জালেসের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই তার দায়িত্ব শুরু হবে। নতুন কোচ ও তার কোচিং স্টাফ দলের সঙ্গে যোগ দেয়া পর্যন্ত হোয়োসই সাময়িকভাবে দায়িত্বে থাকবেন।
কোচ হিসেবে গঞ্জালেসের অভিজ্ঞতা অবশ্য কম নয়। রোজারিও সেন্ট্রাল, উনিওন সান্তা ফে ও প্লাতেন্সের মতো আর্জেন্টাইন ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনেও ইউরোপের বড় মঞ্চে খেলেছেন। রোসারিও সেন্ট্রালের হয়ে ১৯৯৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর ভ্যালেন্সিয়া ও জারাগোসার হয়ে স্প্যানিশ লা লিগায় এবং ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরি ‘আ’তে খেলেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও খেলেছেন গঞ্জালেস। ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে তার সতীর্থ ছিলেন মেসি। এবার সেই মেসিকেই কোচিং করানোর অপেক্ষায় তিনি।
গঞ্জালেস দায়িত্ব নিলে হোয়োসের প্রায় দেড় বছরের অধ্যায়েরও শেষ হবে। গত বছরের এপ্রিলে হাভিয়ের মাশচেরানোর বিদায়ের পর প্রথমে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন হোয়োস। এর আগে তিনি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচের দায়িত্ব দেয়া হয়।
ইন্টার মায়ামির ডাগআউটে হোয়োসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ২৪ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট তুলে নেয় দলটি। ওই সময়ে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠিয়েছিল মায়ামি। ক্লাবটির এমএলএস ইতিহাসে কোনো কোচের প্রথম আট ম্যাচে সেটিই ছিল সবচেয়ে সফল সূচনা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































