বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ

নতুন গোলরক্ষক হিসেবে ক্রোয়েশিয়ার তারকা ডোমিনিক লিভাকোভিচকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তার্কিশ ক্লাব ফেনারবাচে ছেড়ে চার মৌসুমের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ পোস্ট-গার্ড।
স্প্যানিশ ও ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে টানতে বার্সেলোনার প্রাথমিকভাবে খরচ হচ্ছে ২০ লাখ ইউরো। তবে চুক্তিতে থাকা বিভিন্ন শর্ত এবং পারফরম্যান্স বোনাস মিলিয়ে আরও ২০ লাখ ইউরো যুক্ত হতে পারে। সব মিলিয়ে এই চুক্তির মোট আর্থিক পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪০ লাখ ইউরোতে।
এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা জানিয়েছে, ‘ফেনারবাচের সঙ্গে আমাদের চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। ক্রোয়েশিয়ান গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য বার্সেলোনায় সই করেছেন।’
বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর প্রাথমিক পরিকল্পনা ছিল কিছুটা ভিন্ন। তিনি চেয়েছিলেন লিভাকোভিচকে কিনে নিয়ে ২০২৬-২৭ মৌসুমে অন্য কোনো ক্লাবে ধারে পাঠিয়ে দিতে। আগামী বছর পোলিশ গোলরক্ষক ভয়চেক শেজনির চুক্তির মেয়াদ শেষ হলে তবেই তাকে মূল দলে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হয়েছিল।
কিন্তু গত জুন-জুলাইয়ে হওয়া বিশ্বকাপে লিভাকোভিচের দুর্দান্ত পারফরম্যান্স বার্সা কর্তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে। অন্য কোনো ইউরোপীয় ক্লাব তাকে কিনে নেয়ার আগেই তড়িঘড়ি করে চুক্তি সম্পন্ন করার কাজে নেমে পড়ে বার্সা। সব স্বাস্থ্য পরীক্ষা নির্বিঘ্নে পেরিয়ে শেষ পর্যন্ত চুক্তিপত্রে সই করেছেন লিভাকোভিচ।
দলে যোগ দিলেও কোচ হান্সি ফ্লিকের একাদশে শুরুতে ব্যাকআপ গোলকিপারের ভূমিকাই পালন করতে হবে লিভাকোভিচকে। কারণ, বার্সার গোলপোস্টের নিচে প্রথম পছন্দ হিসেবে নিজের জায়গা শক্ত করে রেখেছেন তরুণ গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
লিভাকোভিচের আগমনে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক শেজনিকে। ক্লাবে নিজের চুক্তির শেষ বছরে এসে তিনি হয়তো পরিণত হতে যাচ্ছেন দলের তৃতীয় পছন্দের গোলকিপারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































