এক কোটি টাকার ছিনতাইয়ের রেশ না কাটতেই উত্তরায় ফের ছিনতাই, পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৯
অ- অ+

রাজধানীর উত্তরা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে চলতি মাসের ৯ আগস্ট উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় র‍্যাব ও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পুরো টাকা এখনো উদ্ধার হয়নি। সেই ঘটনার আড়াই সপ্তাহ না পেরোতেই একই এলাকায় আবারও অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে রিকশায় করে টাকা জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকের দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল ২ লাখ ১ হাজার টাকা।

সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর সংকেত দেন। রিকশা থামার পর আরও তিন ব্যক্তি সেখানে আসেন। তাঁদের একজন সুজনের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, ‘সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন। পথে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের দুটি ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের পাশাপাশি নতুন ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ ১৫০০
স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা