রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটিতে মরক্কোর টিনেজার আইয়ুব বুয়াদ্দি

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে থেকেই ইউরোপীয় ফুটবলের বড় বড় ক্লাবের নজর কেড়েছিলেন আইয়ুব বুয়াদ্দি। মরক্কোর ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার ৪৮ দলের মেগা ইভেন্টটিতেও দুর্দান্ত পারফরম্যান্সের নিজের জাত চিনিয়েছেন। এরপর থেকেই এই তরুণের দলবদলের গুঞ্জন জোরাল হয়। এবার সেই গুঞ্জনকে সত্যি করে রেকর্ড ট্রান্সফারে ফ্রান্স ছেড়ে উড়াল দিলেন ম্যানচেস্টারে।
মাঝমাঠের এই তরুণকে ৮৫.৬ মিলিয়ন পাউন্ডে ফরাসি ক্লাব লিলে থেকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি টিনেজার সাইনিংয়ের নতুন রেকর্ড গড়লেন তিনি। এর আগে, ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরোর জন্য নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের দেয়া ৫৮.৯ মিলিয়ন পাউন্ডই ছিল সর্বোচ্চ।
ইংলিশ ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফার ফিতে যোগ থেকে মরক্কোর ফুটবলারও এখন বুয়াদ্দি। ইত্তিহাদের ক্লাবটিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমার মতে, ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব। এখানে আসা এবং নিজেকে সিটির একজন খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পারা আমার কাছে স্বপ্নের মতো। এই ক্লাবটি জয়ের জন্যই গড়ে উঠেছে, এবং আমি সবকিছুর জন্য প্রস্তুত।”
এদিকে, চলতি দলবদলের বাজারে নিজেদের মাঝমাঠ সাজাতে বেশ ব্যস্ত সময় পার করেছে ম্যানসিটি। রদ্রিগো হার্নান্দেজ, বার্নার্দো সিলভা ও তিজানি রেইন্ডার্সের ক্লাব ছাড়ার পর মাঝমাঠের শূন্যতা পূরণে নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকেও দলে নিয়েছে ক্লাবটি।
দলবদল বাজার বন্ধ হওয়ার আগে স্কোয়াড গুছিয়ে নিতে আরও কিছু পরিবর্তন এনেছে সিটি। মিশরীয় তারকা ওমর মারমুশ ধারে টটেনহ্যামে যোগ দিয়েছেন (যেখানে ৫০ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে কেনার অপশন রয়েছে) এবং স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেস ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন। এছাড়া চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে নেওয়ার জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে সিটি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































