নেপালে হঠাৎ ভয়াবহ বন্যা, বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই বন্যায় ২৯১ জন বিদেশি পর্যটকসহ অন্তত ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নেপালের কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নিখোঁজ ৩৮৪ জনের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয়।
এদিকে রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীও জানিয়েছে, তাদের সাতজন সদস্য নিখোঁজ রয়েছেন। দুর্যোগ মোকাবিলায় নেপাল সেনাবাহিনী দুর্গত এলাকায় হেলিকপ্টার ও উদ্ধারকারী সদস্য মোতায়েন করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত সংগ্রহের কাজ চলছে।
বুধবার নেপালের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভয়াবহ এ বন্যা দেখা দেয়। বন্যার পানিতে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়কও।
নেপাল পুলিশের মুখপাত্র আবিনারায়ণ কাফলে এএফপিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা আমরা ঠিকভাবে জানি না, তবে বন্যাটি ব্যাপক এবং এতে অনেক বসতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। আমরা নদীর তীরবর্তী এলাকায় থাকা মানুষদের স্থানান্তরের জন্য সতর্ক করেছি এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পরিস্থিতি পর্যালোচনা করতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি জরুরি বৈঠক ডেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শাহ বলেন, ‘মেডিকেল টিম, স্কাউট এবং রেড ক্রসের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।’
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতে দক্ষিণ এশিয়াজুড়ে নিয়মিত বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনাগুলোর পুনরাবৃত্তির পাশাপাশি তীব্রতা বাড়ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































