বিকাশ অ্যাকাউন্ট থেকে ওটিপি ছাড়াই টাকা গায়েব, সাবধান থাকার উপায়

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীরা অনেকেই মনে করেন, পিন বা ওটিপি ছাড়া তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই টাকা কেটে নেওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবার সঙ্গে আগে থেকে ‘অ্যাপ বাইন্ডিং’ বা ‘অটো-পে’ চালু থাকলে ব্যবহারকারীর প্রতিবার অনুমতি ছাড়াই নির্ধারিত পেমেন্ট কেটে যেতে পারে।
সম্প্রতি ঢাকায় কর্মরত গণমাধ্যমকর্মী রেজাউল হোসেনের বিকাশ অ্যাকাউন্ট থেকে এমনই একটি ঘটনায় ৩ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। মোবাইলে পেমেন্টের বার্তা পাওয়ার পর তিনি জানতে পারেন, একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ তিনি ওই সময় কোনো পেমেন্ট করেননি এবং কাউকে পিন বা ওটিপিও দেননি।
রেজাউল জানান, বিষয়টি জানার পর প্রথমে সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। পরে বিকাশের কাস্টমার কেয়ারেও ফোন করেন। তবে তাৎক্ষণিকভাবে সন্তোষজনক তথ্য বা সমাধান পাননি।
পরে এক সহকর্মীর পরামর্শে নিজের মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপ পরীক্ষা করে দেখেন তিনি। সেখানে তার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে বেশ কয়েকটি সার্ভিস বাইন্ডিং করা রয়েছে বলে দেখতে পান। এসবের মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে মাইজিপির সংযোগও ছিল। এরপর অপ্রয়োজনীয় অ্যাপ ও সেবাগুলোর সঙ্গে বিকাশের বাইন্ডিং সরিয়ে দেন তিনি।
তবে এরই মধ্যে কেটে নেওয়া ৩ হাজার টাকা ফেরত পাওয়ার কোনো তাৎক্ষণিক উপায় পাননি বলে জানান রেজাউল।
বিশেষজ্ঞদের মতে, কোনো অ্যাপ বা ডিজিটাল সেবায় পেমেন্টের মাধ্যম হিসেবে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করার সময় ব্যবহারকারী যদি ‘অটো-পে’ বা ‘অ্যাপ বাইন্ডিং’ অনুমোদন দেন, তাহলে পরবর্তী সময়ে নির্দিষ্ট শর্তে ওই সেবা থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে যেতে পারে।
অনেক সময় ব্যবহারকারীরা ফুড ডেলিভারি, অনলাইন শপিং, রাইড শেয়ারিং, মোবাইল অপারেটরের অ্যাপ কিংবা বিভিন্ন ডিজিটাল সাবস্ক্রিপশনে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করেন। পরে সেই সংযোগের কথা ভুলে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে সাবস্ক্রিপশনের অটো-রিনিউ চালু থাকলেও বিষয়টি খেয়াল থাকে না। ফলে নির্ধারিত সময়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেতে পারে।
বিকাশ কোন কোন অ্যাপের সঙ্গে যুক্ত আছে, দেখবেন যেভাবে
নিজের বিকাশ অ্যাকাউন্ট কোন কোন তৃতীয় পক্ষের অ্যাপ বা সেবার সঙ্গে যুক্ত রয়েছে, তা নিয়মিত পরীক্ষা করা জরুরি। সাধারণভাবে বিকাশ অ্যাপ থেকেই এ ধরনের সংযোগ দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
চেক করার ধাপগুলো হলো
১. স্মার্টফোনে বিকাশ অ্যাপ খুলে পিন দিয়ে লগইন করুন।
২. হোম স্ক্রিনের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবি বা আইকনে ট্যাপ করুন।
৩. প্রোফাইল মেনু থেকে ‘অ্যাকাউন্ট ইনফো’, ‘ম্যানেজ অ্যাকাউন্ট’ বা সংশ্লিষ্ট অপশনে প্রবেশ করুন। অ্যাপের সংস্করণভেদে অপশনের নাম ভিন্ন হতে পারে।
৪. সেখানে ‘অ্যাপ বাইন্ডিং’, ‘অটো-পে’ বা ‘বাইন্ডিং’ অপশন খুঁজে নিন।
৫. ওই অপশনে প্রবেশ করলে আপনার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাপ বা সেবার তালিকা দেখা যাবে।
অপ্রয়োজনীয় বাইন্ডিং বন্ধ করবেন যেভাবে
তালিকায় অপরিচিত, সন্দেহজনক কিংবা আর ব্যবহার করেন না—এমন কোনো অ্যাপ বা সেবা দেখতে পেলে সেটির বাইন্ডিং বা অটো-পে বন্ধ করে দেওয়া নিরাপদ।
এ জন্য সংশ্লিষ্ট অ্যাপ বা সেবার পাশে থাকা ‘বাতিল’ বা ‘রিমুভ’ অপশনে ট্যাপ করে নির্দেশনা অনুযায়ী সংযোগটি বাতিল করতে হবে।
পাশাপাশি মোবাইল অপারেটরের অ্যাপ, অনলাইন শপিং, ফুড ডেলিভারি, রাইড শেয়ারিং এবং অন্যান্য সাবস্ক্রিপশনভিত্তিক সেবায় কোনো অটো-রিনিউ চালু আছে কি না, সেটিও পরীক্ষা করা উচিত।
নিরাপদ থাকতে যা করবেন
বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনো লেনদেনের বার্তা এলে বিষয়টি উপেক্ষা না করে দ্রুত লেনদেনের বিস্তারিত যাচাই করতে হবে। নিয়মিত অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অ্যাপ ও অটো-পে সেবার তালিকা পরীক্ষা করা উচিত।
অপরিচিত কোনো অ্যাপের সঙ্গে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত থাকলে তা সরিয়ে দিতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিকাশের পিন, ওটিপি বা নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য দেওয়া যাবে না।
তবে শুধু ওটিপি বা পিন না দেওয়াকেই সম্পূর্ণ নিরাপত্তা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। আগে থেকে অনুমোদিত অ্যাপ বাইন্ডিং, অটো-পে বা সাবস্ক্রিপশন চালু আছে কি না—সেটিও নিয়মিত নজরে রাখা জরুরি।
(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































