পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩
অ- অ+

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মনিরুজ্জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য মোহাম্মদ মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে অবমুক্ত করা হলেও ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেননি।

বিষয়টি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি মনিরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে তিনি সেখানেও যোগদান করেননি।

এ অবস্থায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অসদাচরণ ও পলায়নের অভিযোগে ২০২৫ সালের ২২ এপ্রিল এ মামলা করা হয়।

মনিরুজ্জামান ওই বছরের ১ মে লিখিত জবাব দেন। এতে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হওয়ার পর ইউএনও হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান না করার বিষয়টি উল্লেখ করেন। ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে পারবেন না জানিয়ে লিখিত জবাব গ্রহণের অনুরোধ করেন তিনি। পরে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত শেষে গত ২২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে মনিরুজ্জামানের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান। এরপর তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারির সিদ্ধান্ত হয়।

গত ৬ নভেম্বর তার স্থায়ী ঠিকানা ও ব্যক্তিগত ই-মেইলে বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদনসহ দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।

পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে চাকরি থেকে বরখাস্তের এ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বাংলাদেশের বিজি-১৩৬ ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে
রাশিয়ায় কাজের বদলে যুদ্ধ, ড্রোন হামলায় পঙ্গু হয়ে ফিরলেন রাজন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল
ইউরোপযাত্রায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ, গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা