নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’

ধর্ষণ ও হত্যার শিকার ছোট্ট রামিসার নির্মম ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেক। সেই বেদনা ও বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকে গীতিকবি মাহবুবুল খালিদ লিখেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের গান।
‘রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…’-এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন মাহবুবুল খালিদ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে বরাবরই গান লিখেছেন মাহবুবুল খালিদ। আদুরি, ফেলানী ও মাগুরার শিশু আছিয়াকে নিয়ে লেখা তার গানগুলোও সমাজের নানা অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ‘রামিসাদের বিচার’ও সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































