বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫০
অ- অ+

বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। বিদেশগামী কর্মীদের ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সুনামগঞ্জের মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী। এ কারণে জেলার পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর কর্মীদের অবশ্যই বৈধ পথে বিদেশ যেতে হবে। দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে ব্যাপক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।

সভায় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন।

তিনি বলেন, সাগরপথে অবৈধভাবে বিদেশে গিয়ে যারা মারা গেছেন, তারা কোথা থেকে এবং কীভাবে বিদেশে গেছেন, তাদের সঙ্গে কোন চক্র জড়িত—এসব তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের তথ্যও সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান মন্ত্রী। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলেন তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৬ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
‘৯৫ কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন’ তথ্যের উৎস যাচাই করেনি সিপিডি
‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা