আরএমপি কমিশনারকে সরানো হয়নি, ১২ আগস্ট বদলি হন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২২:০৮
অ- অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সূত্র বলছে, তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি। গত ১২ আগস্টই তাঁকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল।

নতুন কমিশনার দায়িত্ব না নেওয়ায় এত দিন আবদুল মাবুদ আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশিদকে নতুন আরএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী আবদুল মাবুদ বর্তমান কর্মস্থল ছেড়ে তাঁর পদায়িত কর্মস্থল রংপুর রেঞ্জে যোগ দেবেন।

পুলিশ সূত্র জানায়, রংপুরে আলোচিত চার খুনের ঘটনার পর আবদুল মাবুদকে আরএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচার সঠিক নয়। তাঁর বদলির আদেশ হয়েছে ওই ঘটনার আগেই, গত ১২ আগস্ট।

২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

পুলিশে কর্মজীবনের একপর্যায়ে রাজনৈতিক পরিচিতির অজুহাতে তাঁর পদোন্নতি দীর্ঘদিন আটকে ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় তাঁকে পুলিশের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়। আবদুল মাবুদের বাড়ি নোয়াখালী জেলায়।

আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়।

এদিকে নতুন কমিশনার মাহবুবুর রশিদ দায়িত্ব নেওয়ার পর আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৩৭৫ প্রশিক্ষণার্থী পেল গাছের চারা
আরও ১ বছর এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন
ডিএমপির নতুন মুখপাত্র আকতার হোসেন
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা