২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে রাজধানীর নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নে চলা এবং জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা ২৬ আগস্ট রাত ১২টা থেকে কার্যকর হবে এবং সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা।
এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে এসব এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































