পূজা চেরির বিয়ে কি হয়ে গেছে? গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই

চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ছে। ফেসবুক ও ইউটিউবে তার বিয়ের ছবি ও ভিডিও ব্যবহারের পাশাপাশি বিয়ের তারিখ নিয়েও নানা দাবি করা হচ্ছে। এসব নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। তবে এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পূজা চেরি।
সোমবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো তথ্যের প্রতিবাদ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে অনুমতি ছাড়া ব্যক্তিগত বিষয়ে তথ্য প্রচার করা হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
পূজা চেরি লিখেছেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো এক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতি নিয়ে পূজা বলেন, আগেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই তা প্রকাশ্যে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।
পূজা লেখেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম—যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’
তাহলে কি পূজা চেরির বিয়ে হয়ে গেছে? এ বিষয়ে অভিনেত্রী নিজেই স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
বর্তমানে ক্যামেরার সামনে কম দেখা যাওয়ার কারণও জানিয়েছেন পূজা। তিনি বলেন, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি কম।
ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ জানিয়ে পূজা বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার তাঁকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা তাঁর বোধগম্য নয়।
ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকার নিয়ে আইনি বিষয়ও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
সবশেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পূজা বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেছেন। তবে তার নীরবতাকে কেউ যেন ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে না নেয়। নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।
পূজা আশা প্রকাশ করেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































