শ্রীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাপ্তা-বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুই একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতরা হলো—বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১১) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১১)। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাব্বী ও মুত্তাসীন কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়।একপর্যায়ে সাঁতার কাটার সময় একজন পানিতে বিপদে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুও পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে বাপ্তা-বেলদিয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে দুই শিশুকে হারিয়ে তাদের পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে সুতিয়া নদীতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় শিশুদের নদীতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। অসাবধানতার কারণে যেন আর কোনো পরিবারের সন্তানকে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়, সে জন্য নদীতে শিশুদের সাঁতার কাটার বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































