দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ২০:২৫
অ- অ+

শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তার দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দায়িত্ব পালনে সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ কমান্ড কনফারেন্সে এ প্রশংসা করেন মহাপরিচালক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশের রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

কনফারেন্সে জানানো হয়, এবারের দুর্গাপূজায় সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিল আনসার ব্যাটালিয়নের ১০৪টি দ্রুত প্রতিক্রিয়াকারী দল (কিউআরটি)। ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করে দায়িত্ব পালন করেন বাহিনীর ৬৬ হাজার সদস্য-সদস্যা।

মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি সদস্যদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা দেশজুড়ে প্রশংসিত হয়েছে। তাঁদের এ ভূমিকা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ সময় দায়িত্ব পালনে কর্মকর্তাদের বিরামহীন তদারকি ও নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান মহাপরিচালক।

কনফারেন্সে দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর চার সদস্য নিহত ও ১৫ জন আহত হওয়ার তথ্যও তুলে ধরা হয়। এ সময় দেশ ও মানুষের কল্যাণে সাফল্যের ধারা অব্যাহত রাখতে কর্মকর্তাদের জনবান্ধব, সময়োপযোগী ও কার্যকর নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দেন মহাপরিচালক।

সভায় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামনূর রশীদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আয়োজন ও সংকটময় পরিস্থিতিতেও আনসার-ভিডিপি দেশের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় যুবশক্তির ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন  
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র
পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার