মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে সিন্ডিকেটের আশঙ্কা, চার দেশের সংগঠনের উদ্বেগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৭:৪১| আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৮:০৯
অ- অ+

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সিন্ডিকেট, একচেটিয়া ব্যবসা ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের বিদেশি কর্মী নিয়োগ খাতের চারটি সংগঠন। বিশেষ করে Foreign Worker Centralized Management System (FWCMS) ঘিরে কথিত কিছু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চার দেশের সংগঠনের প্রতিনিধিদের যৌথ বিবৃতিতে এসব উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে নেপাল অ্যাসোসিয়েশন অব ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সিজের (NAFEA) সভাপতি দিক বাহাদুর খাতরি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (BAIRA) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হালাম রিয়াজ উল ইসলাম, মিয়ানমার ওভারসিজ এমপ্লয়মেন্ট এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (MOEAA) চেয়ারম্যান মিও থান্ত এবং পাকিস্তান ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটার্স অ্যাসোসিয়েশনের (POEPA) চেয়ারম্যান রাইশাহ সায়েদ রহমত আলী শাহ স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে, যেখানে সীমিতসংখ্যক বেসরকারি প্রতিষ্ঠান বা নিয়োগ সংস্থাকে একচেটিয়া কিংবা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেওয়া হয় এবং অন্য বৈধ লাইসেন্সধারী সংস্থাগুলোকে সীমিত বা বাদ দেওয়া হয়, তা ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা, সমান সুযোগ এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি করবে।

চার দেশের সংগঠনগুলো বলেছে, বিদেশে কর্মসংস্থান তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক খাত। লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবার এই খাতের ওপর নির্ভরশীল। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থ জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। তাই কোনো বেসরকারি কোম্পানি, গোষ্ঠী বা সীমিতসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠানের হাতে নির্বাচিত প্রবেশাধিকারের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগব্যবস্থা নিয়ন্ত্রিত হতে দেওয়া উচিত নয়।

যৌথ বিবৃতিতে মালয়েশিয়া সরকার, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা, কূটনৈতিক মিশন এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে FWCMS ও এর সঙ্গে সম্পর্কিত নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশাধিকারের আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি অবিলম্বে স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

এতে FWCMS-এ প্রবেশের যোগ্যতার মানদণ্ড, নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের আইনি কর্তৃত্ব, চুক্তির ধরন, নির্বাচিত নিয়োগ সংস্থাগুলোর ক্ষমতা ও কার্যপরিধি এবং সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও নির্বাচিত নিয়োগ সংস্থাগুলোর পারস্পরিক সম্পর্ক প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুরো ব্যবস্থাকে যথাযথ নিয়ন্ত্রক সংস্থার তদারকির আওতায় আনার আহ্বান জানানো হয়।

চার সংগঠনের প্রতিনিধিরা বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা গোষ্ঠী যদি একচেটিয়া বা অগ্রাধিকারমূলক ব্যবস্থার মাধ্যমে নিয়োগব্যবস্থা, নিয়োগকর্তাদের কাছে প্রবেশাধিকার, শ্রমিক নিয়োগ, কর্মী পাঠানোর সুযোগ কিংবা সামগ্রিক বিদেশি কর্মসংস্থান ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে তা উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিয়োগ পরিবেশের জন্য গুরুতর হুমকি হবে। জাতীয় বিদেশি কর্মী নিয়োগব্যবস্থাকে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের একচেটিয়া বাণিজ্যিক নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলেও তারা উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ খাতে যেকোনো ধরনের সিন্ডিকেশন, একচেটিয়া ব্যবসা, বৈষম্যমূলক প্রবেশাধিকার, প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড বা বেসরকারি প্রতিষ্ঠানের অযাচিত নিয়ন্ত্রণ ঠেকাতে চার দেশের সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করবে।

কোনো ব্যবস্থা বৈধ নিয়োগ সংস্থাগুলোর জন্য নিয়োগের সুযোগ সীমিত করছে কি না, তা নিরপেক্ষভাবে পর্যালোচনা এবং প্রয়োজন হলে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব বৈধ লাইসেন্সধারী নিয়োগ সংস্থাকে নিয়োগব্যবস্থায় ন্যায্য, স্বচ্ছ, বৈষম্যহীন ও সমান প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিদেশি কর্মসংস্থান কোনো ব্যক্তি, কোম্পানি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর সঙ্গে লাখ লাখ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবার, জাতীয় অর্থনীতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় শ্রমসম্পর্ক সরাসরি জড়িত। ফলে মালয়েশিয়ার বিদেশি কর্মসংস্থান খাত, নিয়োগব্যবস্থা কিংবা অভিবাসী শ্রমিকদের কোনো বেসরকারি সিন্ডিকেট বা একচেটিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে চার দেশের সংগঠনগুলো।

ন্যায্য প্রতিযোগিতা, শ্রমিকদের স্বার্থ এবং বিদেশি কর্মসংস্থান খাতের সুষ্ঠুতা রক্ষায় প্রয়োজনে প্রাতিষ্ঠানিক, কূটনৈতিক ও আইনসম্মত সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও বিবৃতিতে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা, বুঝতে পারিনি’: স্বরাষ্ট্রমন্ত্রী
সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছেছে
জাতীয় পুরস্কার নিয়ে নতুন প্রজ্ঞাপন, বাদ গেল আগের কমিটি
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা