রাজশাহীতে বাবার সামনে বিড়ি ধরানোয় ঝগড়া, থামাতে গিয়ে চাচা নিহত

রাজশাহীর পবা উপজেলায় জমিতে কাজ করার সময় বাবা-ছেলের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে হাঁসুয়ার আঘাতে মো. ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই আবু বকর সিদ্দিক ও ভাতিজা মো. আলফাজ (৩৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী একই এলাকার বাসিন্দা এবং আবু বকর সিদ্দিকের ভাই।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আবু বকর সিদ্দিক ও তার ছেলে আলফাজ জমিতে ধান ও পাটের কাজ করছিলেন। এসময় আলফাজ তার বাবার সামনে বিড়ি ধরালে তিনি ক্ষুব্ধ হয়ে ছেলেকে বকাঝকা করেন। এ নিয়ে প্রথমে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আক্তার ও মেরাজ তাদের কাজ বন্ধ করে বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর আবারো বাবা-ছেলের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস আলী তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এসময় আলফাজের হাতে থাকা হাঁসুয়ার আঘাতে তার বাবা আবু বকর সিদ্দিক ও চাচা ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আক্তার বলেন, ‘আমি তাদের ঝগড়া থামিয়ে বাড়িতে চলে যেতে বলেছিলাম। পরে আবার মারামারি শুরু হলে ইদ্রিস চাচা থামাতে এগিয়ে যান। তখনই হাঁসুয়ার আঘাতে তিনি মাটিতে পড়ে যান।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাজ গত রোববার নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগার থেকে জামিনে বাড়ি ফেরেন। তার মাদকাসক্তির বিষয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা পুলিশ তদন্ত করে দেখছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাঁসুয়ার আঘাতে ইদ্রিস আলী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































