‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা, বুঝতে পারিনি’: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের ধরন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’
আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ওই জেলাকে ‘কালচারাল জেলা’ হিসেবে উল্লেখ করেছেন। গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন কি না, নাকি ব্যর্থ হয়েছেন তা জানতে চান তিনি।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ঘটনা থাকলে তা সংসদের ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে তুলে ধরতে পারবেন। আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রে সামাজিক চাহিদার ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত করতে তার মন্ত্রণালয় সহযোগিতা করেছে। তবে বিচার সম্পন্ন করার দায়িত্ব বিচার বিভাগের।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানীং চারটা যে হত্যা হলো, সেই পর্যন্ত সব কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসেছে। এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এ ধরনের বক্তব্য সংসদের বাইরে দেওয়া যেতে পারে। ‘এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।’
হাসনাত আবদুল্লাহর প্রশ্নে বিভিন্ন সময়ে কত হত্যা ও আহতের ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যানও তুলে ধরা হয়। এসব তথ্যের উৎস নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।’
তিনি বলেন, কাগজ নিয়ে কত হত্যা বা গুম হয়েছে—এমন তথ্য দিলে সেটি কোন সূত্রের, তা স্পষ্ট করতে হবে। এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্য এবং সাধারণ আলোচনায় সরকার অপরাধের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সংসদে হট্টগোলের সৃষ্টি হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































