গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষি জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী। এ সময় এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বাবা ও ছেলেকে একসঙ্গে হারিয়ে পরিবারটি শোকাহত।
নিহতের স্ত্রী আরজিনা বেগম জানান, সকালে তার স্বামী ছেলেকে নিয়ে জমিতে পানি দিতে যান। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পায়। পরে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ কে এম সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































