পিংক বাসের চালক নিচ্ছে বিআরটিসি, লাগবে যে যোগ্যতা

নারীদের জন্য চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এ অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য প্রাথমিক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ পদ্ধতিতে।
বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত শুধু নারী যাত্রীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়েছে। এই বাস সার্ভিসে অস্থায়ী ভিত্তিতে কিছুসংখ্যক নারী চালক নিয়োগ দেওয়া হবে।
যেসব যোগ্যতা লাগবে
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট হতে হবে।
প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রার্থী প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে অংশ নেওয়া যাবে
আগামী ৩০ আগস্ট (রবিবার), ৩১ আগস্ট (সোমবার) ও ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীদের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
এ সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় গাড়ি চালনার দক্ষতা যাচাই করা হবে। এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
থাকছে বিনা মূল্যে ভারী গাড়ি চালনার প্রশিক্ষণ
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকেরা ৭ দিন থেকে ২ মাস মেয়াদি ভারী গাড়ি চালনার বিনা মূল্যের প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন তাঁদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে বিআরটিসি।
প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্টে’ উত্তীর্ণ হলে বিআরটিসির প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের মোবাইল নম্বর ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































