বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসচাপায় সাত দিনমজুর ও কৃষক নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আয়েজ উদ্দিন।
আজ দুপুরে র্যাব-১২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ঘটনার পর থেকেই পলাতক বাসচালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































