আজ ঝরতে পারে বৃষ্টি, তাপমাত্রার কথাও জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকে ফ্যাকাশে। কিছুক্ষণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে গেছে। এমনটা চলতে পারে আজ সারা দিন। মাঝে মাঝে ঝরতে পারে বৃষ্টি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাস মতে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও এ সময়ও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































