জেলা বিএনপির ঘোষিত কমিটির বাইরে ঈশ্বরদীতে নতুন কমিটি ঘোষণা

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। জেলা বিএনপির ঘোষিত কমিটির বাইরে রোববার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করেন পাবনা জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
ঘোষিত কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে।
একই অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর বিএনপির কমিটিও ঘোষণা করা হয়। এতে মো. ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করা হয়েছে। সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং ২২ জনকে সদস্য করা হয়েছে।
তবে এর আগে গত ১৬ আগস্ট পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। ওই কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে উপজেলা আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়। পৌর বিএনপিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়েছিল।
জেলা বিএনপির ঘোষিত কমিটি থাকার পরও নতুন কমিটি ঘোষণা করায় বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দাবি করেছেন, জেলা বিএনপির ঘোষিত কমিটি না মেনে নতুন কমিটি ঘোষণা করা দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রের লঙ্ঘন। তাঁর ভাষ্য, দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তির কমিটি দেওয়ার এখতিয়ার নেই। জাকারিয়া পিন্টুর ঘোষিত কমিটিকে তিনি ‘সম্পূর্ণ অবৈধ’ বলে দাবি করেন।
সোমবার দুপুরে রাজধানীর নিজ বাসায় নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হাবিবুর রহমান এসব কথা বলেন।
জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে দলের সিদ্ধান্ত উপেক্ষা ও একাধিকবার দল থেকে বহিষ্কারের অভিযোগও করেন জেলা বিএনপির আহ্বায়ক। তাঁর দাবি, ২০০১ সাল থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জাকারিয়া পিন্টু দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, ঈশ্বরদীতে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ধরে রাখার স্বার্থে নতুন কমিটি দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জাকারিয়া পিন্টু ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে জাকারিয়া পিন্টু বা তাঁর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাবিবুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিএনপিকে দুর্বল করছে। তিনি ঈশ্বরদীর নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাছে প্রতিকার চাওয়ার আহ্বান জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































