ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত: সাইফুল হক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসময় তিনি বলেছেন, নানা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত।
রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমা দর্শন শেষে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, এবার দেশজুড়ে বিপুল সমারোহে সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। নানা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য। মাঝেমধ্যে অশুভ শক্তি এই ঐক্য ও সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করে, উসকানি সৃষ্টি করে। তবে অসাম্প্রদায়িক চেতনার মানুষ এসব অপশক্তিকে মোকাবিলা করে ভ্রাতৃত্বের বার্তা নিয়ে উৎসবের আনন্দ পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন।
তিনি বলেন, তাঁরা এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চান, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।
দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, হিংসাশ্রয়ী ও বিভেদকামী সব অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
শুভেচ্ছা বিনিময়কালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগরের নেতারা এবং বিপ্লবী যুব সংহতির নেতা তুহিন রহমান ও আহমেদ রনিসহ সংগঠনটির কেন্দ্রীয় সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এ সময় সাইফুল হক সার্বজনীন পূজা কমিটি ও মন্দির কমিটির নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













