ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৬ জন গ্রেপ্তার, মামলা ৩০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ৯টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া অভিযানকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































