ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: একজন গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে রোববার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহত রনজিনা পারভিন চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামী আবদুল মতিনের সঙ্গে ঢাকায় এসেছিলেন। শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্বামী আবদুল মতিনের সঙ্গে বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা। শনিবার ভোরে তারা কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। সকাল ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তারা।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার পাশে দুইবার ঘষা দেয়। এ সময় আবদুল মতিন প্রতিবাদ করলে রিকশাচালক গতি কমিয়ে দেন। তখন পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগটি ধরে সজোরে টান দেন।
হঠাৎ টানে রনজিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। ছিনতাইকারী ব্যাগ নিয়ে মোটরসাইকেলে খামারবাড়ির দিকে চলে যায়।
আবদুল মতিন জানান, স্ত্রীকে পড়ে যেতে দেখে তিনি রিকশা থামিয়ে পেছনে দৌড়ে যান। সেখানে গিয়ে রনজিনার মাথা কোলে তুলে দেখতে পান তিনি রক্তাক্ত ও সংজ্ঞাহীন। পরে তাকে কোলে তুলে ওই রিকশাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রনজিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দুইজনকে আসামি করে এবং অজ্ঞাতনামা একজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে র্যাবের অভিযানে একজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দের পর ঘটনাটির তদন্তে নতুন অগ্রগতি এসেছে। র্যাবের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































