ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক জোনে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম– মো. সাঈফ ইমরান। তার বাড়ি সিলেটে।
রবিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ঢাকা টাইমসকে বলেন, শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন এলাকা থেকে সাঈফ ইমরানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সোয়া সাতটার দিকে পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করার সময় ওই ব্যক্তি নিজেকে ‘সাইফ ইমরান এডি, ডিজিএফআই’ হিসেবে পরিচয় দেন। তার পোশাক ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে সাঈফ ইমরান স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন। পরে ডিজিএফআই কর্মকর্তাদের মাধ্যমে তার পরিচয় যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাঈফ ইমরানের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেইনকোট, একটি মোবাইল ব্যাকপ্যাক, ডিজিএফআইয়ের চিহ্নযুক্ত একটি কালো মানিব্যাগ, সেনাবাহিনীর লোগোযুক্ত চাবির রিংসহ দুটি চাবি এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মুঠোফোন দুটির একটি আইফোন ১১ এবং অন্যটি স্যামসাং এ১০এস।
এ ছাড়া তার কাছ থেকে একটি অনিবন্ধিত সাদা রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































