গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে ছুটবে নতুন মেট্রোরেল, ব্যয় ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৮
অ- অ+

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল। ‘এমআরটি লাইন-২’ নামে এই প্রকল্পে প্রায় ৩৫ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। রুটটিতে থাকবে ২৪টি স্টেশন। এর একটি অংশ উড়ালপথে এবং অন্য অংশ পাতালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ বৈদেশিক ঋণ সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সঙ্গেও অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।

পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেলটি গাবতলী থেকে ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত যাবে।

এ ছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

প্রস্তাবিত এমআরটি লাইন-২-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর মাধ্যমে প্রথমবারের মতো পুরান ঢাকা সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য দ্রুত ও গণমুখী পরিবহনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এতে পুরান ঢাকার সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকার যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি যানজট কমানো এবং গণপরিবহনে গতি আনার সম্ভাবনাও তৈরি হবে।

এমআরটি লাইন-২-কে ঢাকার সামগ্রিক মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে সমন্বিত করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। গাবতলী এলাকায় এমআরটি লাইন-৫, কমলাপুরে এমআরটি লাইন-১, ৪ ও ৬ এবং সাইনবোর্ড এলাকায় এমআরটি লাইন-৪-এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

এর ফলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি যাত্রীরা বিভিন্ন মেট্রোরেল রুটে সহজে স্থানান্তর হতে পারবেন।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমেদ বলেন, মন্ত্রণালয় থেকে এমআরটি লাইন-২-এর প্রাক-প্রকল্প উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়েছে। বৈদেশিক অর্থায়নের নিশ্চয়তার জন্য প্রস্তাবটি এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হবে।

তিনি বলেন, ‘প্রস্তাবিত এমআরটি-২ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন লাইন। কারণ, এটি ঘনবসতিপূর্ণ ও দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা পুরান ঢাকাকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনবে।’

সরকার চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে প্রকল্পটির কাজ শুরু করার পরিকল্পনা করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সালের মধ্যে এই রুটে মেট্রোরেল চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ভবিষ্যতে রুটটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার ফলে প্রকল্পটি রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে গতি আনা এবং ঢাকার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
প্রস্তাবিত নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন
নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা