জুরাইনে ইয়াবা-পুলিশের লুট হওয়া গুলিসহ গ্রেপ্তার ১

রাজধানীর জুরাইনে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও তিনটি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
রবিবার র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১০ জানায়, গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. আওলাদ হোসেন (৪৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও এলাকার শেখ জলিলের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা ২ হাজার ৩০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, অভিযানের সময় আওলাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি এবং তিনটি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির টাকা হিসেবে ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা পাওয়া যায়।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় পুলিশের অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল। লুট হওয়া ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র্যাব অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জুরাইনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































