ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেপ্তার, মামলা ৩০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৮৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৭৪ জন, গুলশানে ৪৭ জন এবং উত্তরা বিভাগে ৬১ জন রয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ সাতজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ।
এ ছাড়া ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































