রিজভীর নামে ফেসবুকে ব্লু মার্কের আইডি, করা হলো জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৯:৪৪
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্ক দেখা গেছে। ওই অ্যাকাউন্টসহ রিজভীর নামে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় এ জিডি করেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তাঁর নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা রাজনৈতিক বক্তব্যকে তাঁর ব্যক্তিগত বা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

অভিযোগে বলা হয়, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে আসে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু মার্ক থাকায় সাধারণ মানুষের মধ্যে সেটিকে রিজভীর প্রকৃত ও অনুমোদিত অ্যাকাউন্ট বলে ভুল ধারণা তৈরির আশঙ্কা রয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে। ভবিষ্যতে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া বক্তব্য বা রাজনৈতিক প্রচারণা চালানো হলে তাঁর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে রিজভীর নাম ও পরিচয়ের অপব্যবহার হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপহরণের পর হত্যার অভিযোগে মামলা, দেড় মাস পর জীবিত উদ্ধার নারী
আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে যা করতে হবে, জানালেন সোহেল তাজ
নেপালে আরও বড় বন্যার আশঙ্কা
বেকারত্বের অবসানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি সাইফুল হকের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা