উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৮
অ- অ+

আকস্মিক বন্যায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযানে আপাতত কোনো বিদেশি সহায়তা নিতে চাইছে না নেপাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজস্ব নিরাপত্তা বাহিনীই বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হতে পারে।

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী এ কথা জানান। তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও আপাতত বিদেশি দল গ্রহণের পরিকল্পনা নেই।

গত বুধবারের আকস্মিক বন্যায় চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুওয়া জেলাসহ নেপালের কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও। বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের নাগরিক নিখোঁজ থাকায় দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে নেপালে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। দেশটি ত্রাণবাহী দলও পাঠাতে চায়। তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের ব্যবস্থাপনাতেই উদ্ধার অভিযান চালাচ্ছে।

লোক বাহাদুর ছেত্রী বলেন, বিভিন্ন দেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব আসা স্বাভাবিক। নেপালের নিরাপত্তা সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। আপাতত বিদেশি সহায়তার প্রয়োজন নেই।

নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দক্ষিণ কোরিয়ার নয়জন নাগরিক বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে দক্ষিণ কোরিয়া নেপাল সরকারের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছে।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর জন্য নেপাল সরকারের কাছে অনুমতি চেয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

বিদেশি উদ্ধারকারী দল গ্রহণে নেপাল সরকারের অনীহার কারণ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘে নেপালের সাবেক রাষ্ট্রদূত দিনেশ ভট্টরাই। তাঁর ধারণা, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুওয়া জেলার ভৌগোলিক অবস্থান এর একটি কারণ হতে পারে। জেলাটি চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী।

দিনেশ ভট্টরাই বলেন, এলাকার স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে নেপাল সরকার বিদেশি উদ্ধারকারী দল গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী এ ধারণা নাকচ করে দিয়েছেন।

ছেত্রী বলেন, বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে চীনের কোনো স্পর্শকাতরতার সম্পর্ক নেই। নেপালের নিজস্ব উদ্ধারকারী দলই বর্তমানে অভিযান পরিচালনা করছে।

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পর শুক্রবার আন্তর্জাতিক আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে নেপাল। তবে দেশটি আপাতত বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে।

ছেত্রী এএফপিকে বলেন, এই মুহূর্তে নেপালের মূল লক্ষ্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান। দেশটির নিরাপত্তা বাহিনী এ কাজ পরিচালনায় সক্ষম। তবে প্রয়োজন হলে সরকার বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা চাইবে।

তিনি আরও বলেন, এমন নয় যে নেপালের কোনো সহায়তার প্রয়োজন হবে না। তবে এই মুহূর্তে দেশটির নিরাপত্তা বাহিনী সক্ষমতা অনুযায়ী কার্যকরভাবে কাজ করছে।

বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অর্থসহায়তার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তহবিল চেয়ে আবেদন করেছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেপালকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন, যশোরে পদ্মবিলায় হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলক
মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২
উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা