বেকারত্বের অবসানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি সাইফুল হকের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৯:০১
অ- অ+

জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকার গঠনের ছয় মাস পর এখন মানুষের প্রত্যাশা পূরণে বাস্তব পদক্ষেপ দেখতে চায় জনগণ। নির্বাচিত সরকারের কাছ থেকে মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না।

সাইফুল হক বলেন, অসহনীয় বেকারত্বের দ্রুত অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। দেশের বিশাল যুবশক্তির সম্ভাবনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টারে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি, ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি সভায় অংশ নেন।

সাইফুল হক বলেন, মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ এখনো খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন ও বাস্তব কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বের প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

জ্বালানি খাত প্রসঙ্গে সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ-নির্ভর রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে দেশের সক্ষমতা বাড়াতে হবে। পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণের ঘোষণা প্রসঙ্গে বলেন, শুধু ভারতের ক্ষেত্রে নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সব অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে।

যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—দেশের গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।

বহ্নিশিখা জামালী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা ধরনের প্রতারণা ও অনিশ্চয়তার কারণে বহু যুবক বিপদে পড়েছেন, বেকারত্বের শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুবসমাজের হতাশা ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, যুবসমাজ দেশের প্রাণশক্তি। হতাশ না হয়ে জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় যুবসমাজকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে হবে। দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে যুবসমাজকে শক্তিশালী ভূমিকা পালনের জন্য প্রস্তুত করতে হবে।

যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ ও ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন। তাঁরা যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে অধিকার, ইনসাফ ও মুক্তির আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিনিধি সভা শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকালপ্রয়াত শিবু মোহান্ত এবং নেপালে পার্বত্য সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপহরণের পর হত্যার অভিযোগে মামলা, দেড় মাস পর জীবিত উদ্ধার নারী
আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে যা করতে হবে, জানালেন সোহেল তাজ
নেপালে আরও বড় বন্যার আশঙ্কা
রিজভীর নামে ফেসবুকে ব্লু মার্কের আইডি, করা হলো জিডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা