মালয়েশিয়ায় বিনা খরচে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী

সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমান ভাড়াসহ অভিবাসনসংক্রান্ত কোনো ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম দফার কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। এই বহর পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম নতুন করে শুরু হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে যোগদান এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অভিবাসনসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমবাজার চালুর প্রক্রিয়ায় অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোও যাচাই-বাছাই করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথম দফায় ১০ হাজার কর্মীকে জিরো কস্টে পাঠানোর উদ্যোগকে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































