ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট, নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ

নারায়ণগঞ্জের আষারিয়ারচর ব্রিজে সংস্কারকাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আষারিয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার ঝুঁকি থাকায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলার কারণে ওই লেনে যান চলাচল সীমিত হয়ে পড়ে। এতে ধীরে ধীরে যানজট বাড়তে থাকে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হাইওয়ে পুলিশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আষারিয়ারচর ব্রিজ থেকে দাউদকান্দির দিকে ঢাকা অভিমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কোথাও গাড়ি ধীরগতিতে চললেও বেশির ভাগ জায়গায় যানবাহন থেমে রয়েছে। যানজট প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
হাইওয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আষারিয়ারচর ব্রিজে সংস্কারকাজ চলায় ঢাকা অভিমুখী লেনে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। এ কারণে ওই এলাকায় যানবাহনের ধীরগতি ও যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।
সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাস্তার সংস্কারকাজ শেষ করে তা শুকানোর জন্য শনিবার সকাল ৬টা পর্যন্ত ওই অংশে এক লেনে যান চলাচল করবে। ফলে এ সময় আষারিয়ারচর এলাকায় যানবাহনের ধীরগতি থাকতে পারে।
এদিকে দীর্ঘ যানজটে আটকে থাকা দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ির চালক-যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কয়েক ঘণ্টা ধরে যানজটে আটকে থাকার কথা জানিয়েছেন অনেকে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘আষারিয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কা থাকায় সেখানে সংস্কারকাজ শুরু করা হয়েছে। কাজের কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে।’
তিনি বলেন, সংস্কারকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































