হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ, আটকা পড়েছে ৪০০ জাহাজসহ ৬ হাজার নাবিক

চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এতে প্রায় ৪০০টি জাহাজসহ ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। খবর গালফ নিউজ’র।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেস সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না; বিশ্বজুড়েই এর প্রভাব অনুভূত হচ্ছে।
আইএমও মহাসচিব সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদি বাধা তৈরি হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে সংঘাতের কারণে এই নৌপথে চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে জ্বালানি পরিবহনের পাশাপাশি বৈশ্বিক সরবরাহব্যবস্থা, পণ্যের পরিবহন ব্যয় ও আন্তর্জাতিক বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
(ঢাকাটাইমস/২৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































