যশোরে ১৫ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল আনসার-ভিডিপি

যশোরের মনিরামপুরে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ডাঙ্গামহিষদিয়া গ্রামের হাবিবুর রহমানের ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের কাদের আলীর ছেলে প্রবাসী মো. হাসান আলীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের আয়োজনের খবর পেয়ে কুলটিয়া ইউনিয়নের দলনেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আনসার-ভিডিপি সদস্য সেখানে যান।
পরে তারা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। বাল্যবিবাহের আইনগত পরিণতি এবং অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ের কারণে কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনে সম্ভাব্য ক্ষতির বিষয়গুলো তাদের বোঝানো হয়।
আনসার-ভিডিপির সদস্যদের বোঝানোর পর দুই পক্ষ বিয়ের আয়োজন বন্ধ করতে সম্মত হয়। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অঙ্গীকার দেওয়া হয়, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না।
আনসার ও ভিডিপি সূত্র আরও জানায়, ঘটনাটি মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যরা নিয়মিতভাবে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকা টাইমস/৩০আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































