বগুড়ায় খলনায়ক ডনের মুক্তির দাবিতে মানববন্ধন

চলচ্চিত্র অভিনেতা ও জাসাস নেতা খলনায়ক আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ্ হত্যায় জড়িয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া দত্তবাড়িতে ডনের বাড়ির সামনে তার বন্ধু ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে ডনের বাল্যবন্ধু জোসেফ বলেন, ছোটবেলা থেকেই ডন অনেক ভালো, উদার মনের মানুষ। সে একজন ভালো ফুটবল খেলোয়াড়, সংস্কৃতিমনা এবং সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থাকেন। তারা কেউ বিশ্বাস করেন না ডন খুনের মত নিকৃষ্ট কাজের সঙ্গের জড়িত থাকতে পারে।
ডনের প্রতিবেশী আইনুল হক বলেন, প্রতিহিংসা হয় সমানে সমানে, ডন খলনায়ক আর সালমান শাহ্ নায়ক। তাদের হিংসা বিদ্বেষের প্রচারিত কাহিনী বানোয়াট। তিনি জানান, সালমান শাহ্’র মৃত্যুর দিন ডন বগুড়ায় ছিলো। সালমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা হোক এবং ডনকে মুক্তি দেয়া হোক।
ডনের বাসার রাঁধুনি বলেন, সালমান শাহ্’র মৃত্যুর তিন দিন আগে থেকে ডন বগুড়ায় ছিল এবং যেদিন সালমান শাহ্’র মৃত্যুর খবর আসে তার আগের রাতে এবং সেদিন ডনের খাবার তিনি রান্না করেন। ডন খাবার খেয়ে যখন বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণে তখন সালমান শাহ্’র মৃত্যুর খবর আসে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































