দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস

দেশের বাজারে আবারও ধস নেমেছে স্বর্ণের দামে। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
আজ সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—
- ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
এর আগে শনিবার (২৯ আগস্ট) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।
অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আরও কমল। সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বড় ধরনের নিম্নমুখী প্রবণতায় ফিরেছে।
(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































