মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া জবাব দেয়া হবে: ট্রাম্প

মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। খবর আনাদোলুর।
সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। এর উপযুক্ত জবাব দেয়া হবে।’
এর আগে সোমবার ভোরের দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। এর আগে পৃথক এক বিবৃতিতে তারা জানায়, মার্কিন হামলায় লারাক দ্বীপে হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজন সেনা সদস্য ও সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছে বলে নিশ্চিত করে তারা।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, ইরানের কোনও সেনা, নৌ কিংবা বিমানবাহিনী অবশিষ্ট নেই। দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই এবং তারা সৈন্য কিংবা পুলিশের বেতনও দিতে পারছে না।
দেশটির অর্থনৈতিক পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের সঠিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের আর নেই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































